সিপ্লাস প্রতিবেদক: অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. সমিরুল ইসলাম বাবু আর নেই। আজ বুধবার (২৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত এই চিকিৎসক চট্টগ্রামে প্রথম প্লাজমা থেরাপি দেয়ার পরে সুস্থ হয়ে উঠেন। পরবর্তীতে তাঁর করোনার নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ আসে। কিন্তু তাঁর ডান পাশের ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে। সেখানে শ্বাসকষ্ট দেখা দিলে ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তাঁর প্রথম নামাজে জানাজা বিকাল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পুরাতন ভবনে হবে অনুষ্ঠিত হবে।
ডা. মো. সমিরুল ইসলাম বাবু মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী ডা. মুনা ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেডিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল ইসলাম তাঁর শ্বশুর।
ডা. সমিরুল ইসলাম বাবুর বাড়ি বরিশাল হলেও ছোট বেলা থেকে তিনি চট্টগ্রামেই বেড়ে উঠেন। নগরীর ফিরোজ শাহ কলোনীতে গড়ে তোলেন স্থায়ী নিবাস। সেখানেই আজ বুধবার রাতে বাদ এশা দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে ডা. মো. সমিরুল ইসলাম বাবুর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








