ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইসা মনি(৮)। সে ওই এলাকার প্রবাসী দিল মোহাম্মদ এর কন্যা।
জানা গেছে, সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় রাইসা মনি ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে আম কুড়াচ্ছিল। এ সময় আকস্মিক বিকট শব্দের বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে সে। এ সময় তাকে বাঁচাতে এসে রাইসার মা রোকসানা আক্তারও গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু রাইসাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত শিশুটির মা রোকসানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।








