Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকে হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। সকাল থেকে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি ফটিকছড়ি থেকে।

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা লাঠি নিয়ে সড়কে অবস্থান করতে দেখা গেছে।

চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের নাজিরহাট ঝংকার মোড়, ডাইমজুড়ী, মেডিকেল রাস্তার মোড়, কুম্ভারপাড়া বিবিরহাট বাস স্টেশন চত্বরে অবস্থান হরতালকারীরা অবস্থান নিয়েছে। ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, ফটিকছড়ি পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।

অন্যদিকে, উপজেলার ভুজপুর থানা দিন দাঁতমারা ইসলামপুর মাদ্রাসা শিক্ষার্থীরা রাবার বাগান এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে হরতাল করার খবর পাওয়া গেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানার ওসি রবিউল হোসেন হরতালকারীদের সাথে কথা বলতে দেখা গেছে।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের অবস্থান এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ রাস্তায় টহল দিতে দেখা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফটিকছড়ি উপজেলায় কোথাও কোন ধরনের বিশৃংখলার খবর পাওয়া যায়নি।

নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম হাবিবুর রহমান কাসেমী জানান,বাংলাদেশ হেফাজত ইসলামের ডাকে ফটিকছড়ি উপজেলা আইন বাস্তবায়ন কমিটির ব্যানারে ফটিকছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে আমরা শান্তির পক্ষে আমরা কোন ধরনের বিশৃঙ্খলা চাইনা। হাটহাজারীতে শান্তিপূর্ণ মিছিলে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা এ হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।