ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ির কাঞ্চননগরে অবৈধ বালুর মহালে অভিযান চালিয়েছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাঞ্চননগর ইউনিয়নের ফেনুটিয়া লেলাং খালের পাড়ে উপজেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম।
এসময় ইজারা বর্হিভূত অবৈধভাবে ইঞ্জিন চালিত মেশিন দ্বারা বালু উত্তোলনকালে ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনাস্থলে বালুবোঝাই ড্রাম-ট্রাক, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন (পাইপসহ) আটক করা হয়।
এছাড়া ঘটনাস্থল হতে প্রায় ৯০০০ ঘনফুট বালু জব্দ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় মোট ৫০,০০০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।এবং ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, ‘ফটিকছড়ি উপজেলায় এধরনের অন্যায়ভাবে পরিচালিত যেকোন কাজকে আইনের আওতায় নিয়ে এসে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়াস অব্যাহত থাকবে।








