নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আমন ধান ঘরে তোলার প্রস্তুতি কৃষকদের

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: ফটিকছড়ির মাঠে মাঠে আমন ধানে সোনালী রঙে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলছে আমন ধান তোলার প্রস্তুতি। কয়েকদিনের মধ্যেই পুরোদমে শুরু হবে রোপা আমন কাটা-মাড়াই।

ঘরে ধান তোলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণিরা। মাঠের ধানে সোনালী রঙ ধরার সাথে সাথে কৃষকরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন স্বপ্নের সেই ফসল ঘরে তোলার।

অন্য বছরগুলোতে কৃষকরা ধানের দামে তেমন খুশি না হলেও এবছর দাম ভালো থাকায়, বাম্পার ফলনের আশায় চোখে মুখে খুশির ঝিলিক ও উৎফুল্লতা নিয়ে কৃষাণ-কৃষাণি বাড়ির আঙিনা ও আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন।

এবার আবহাওয়া অনূকুল থাকায়, আমন ধানের বাম্পার ফলন হতে পারে বলে ধারণা করছেন কৃষকরা। বতর্মানে বাজারে ধানের যে দাম রয়েছে তাতে লাভ হবে কৃষকদের। অতীতের যেকোন বছরের চেয়ে এ বছর কৃষকরা অধিক ফলন পাবে বলে আশা করছেন।

জানা গেছে, ফটিকছড়িতে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩ শত ৪০ হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে ২১ হাজার ৮ শশ ২০ হেক্টর জমিতে। গেল বছর ২০১৯ সালে লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩ শত। আবাদ হয়েছে ২১ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, এ বছর বিভিন্ন প্রকল্প হতে ৫ শত জন কৃষককে উপজেলা কৃষি অফিস হতে বিনা মূল্যে সার ও উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে। আবহাওয়া ভাল, কৃষি বিভাগের সার্বিক নজরদারি, পরামর্শের কারণে রোগ ও পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এ বছর আমন ফলন ভাল হবে ও কৃষকগণ লাভবান হবেন বলে আশা করছি।