সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া অমল কান্তি দাশ (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লার মৃত নরেন্দ্র চন্দ্র দাশের পুত্র
শুক্রবার (১ অক্টোবর) বিকেলের দিকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, নিজেকে এনএসআইয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা পরিচয় দিয়ে অমল বৃহস্পতিবার ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন চেয়ারম্যান মো. রুস্তম আলীর বাড়িতে যান। সেখানে তিনি চেয়ারম্যানের খোঁজ নেন। ওই সময় চেয়ারম্যান চট্টগ্রাম শহরে অবস্থান করায় তাকে পরে যোগাযোগ করতে বলা হয়।
একপর্যায়ে রাতে চেয়ারম্যান শহর থেকে বাড়িতে পৌঁছে অমলের সঙ্গে দেখা করেন। অমল রাতে চেয়ারম্যানের বাড়িতে রাত্রিযাপন করতে চান। কিন্তু চেয়ারম্যান তার বাড়িতে মেহমান আছে বলে জানিয়ে তাকে পরদিন যোগাযোগ করতে বলে
এরপর শুক্রবার সকালে অমল বাগানবাজার ইউনিয়ন কার্যালয়ে যান। সেখানে চেয়ারম্যান তার সঙ্গে আবার কথা বলেন। এদিকে অমলের আচরণ সন্দেহজনক হলে চেয়ারম্যান বিষয়টি এনএসআই চট্টগ্রাম কার্যালয়ের এক কর্মকর্তাকে জানান। এভাবে ঘটনাস্থলে এক এনএসআই কর্মকর্তা পৌঁছে নিশ্চিত হন অমল তাদের কর্মকর্তা না। এরপর অমলকে গ্রেফতার করে পুলিশ।
ফটিকছড়ির ভূজপুর থানার এসআই জয়নাল আবেদীন বলেন,এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে বাগানবাজার ইউনিয়ন চেয়ারম্যান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার অভিযুক্তকে কোর্টে প্রেরণ করেছে।

