ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী-কাঞ্চননগর সড়কের পাশে এম.বি- ১ ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় দিন দুপুরে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে স্থানীয় যুবক তারেকের নেতৃত্বে একটি সিন্ডিকেট।
সরেজমিনে গিয়ে দেখা, রাতদিন বিরামহীনভাবে এম.বি- ১ ব্রিকফিল্ড এলাকায় কয়েকটি কৃষি জমি থেকে স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রলি ভর্তি করা হচ্ছে। কৃষি জমিগুলো থেকে মাটি কাটতে গিয়ে প্রায় ১৫/১৬ ফুট গভীর গর্ত করে ফেলা হচ্ছে। যার ফলে হুমকির মুখে পড়ছে পার্শ্ববর্তী ফসলি জমিগুলোও।

যে জমি থেকে মাটি কাটা হচ্ছে সেটি স্থানীয় আহমদ হাজীর বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাটি সরবরাহের সাথে জড়িত তারেক বলেন- মাটি গুলো আমরা শহীদ কোম্পানির ইটভাটাতে দিচ্ছি।
এমবি ব্রিকফিল্ড-১ এর মালিক শহীদ কোম্পানির কাছে জানতে চাইলে তিনি প্রথমে কৃষি জমিটি কিনে নিয়েছেন বলে জানালেও পরে আবার শুধুমাত্র জমির মাটি কিনেছেন বলে স্বীকার করেন।
তবে কৃষি জমি কাটার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন বলেন, কেউ যাতে অনুমতি ব্যতীত কৃষি জমির মাটি কাটতে না পারে সে জন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি। এরপরেও কেউ যদি এসবের সাথে জড়িত থাকে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








