নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে প্রভাবশালী মহলের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে সাত পরিবারের শত বছরের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালীরা। ইউনিয়নের ৬ ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় পরিবারগুলোর অর্ধশতাধিক সদস্য একপ্রকার বন্দি জীবনযাপন করছেন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম।

রবিবার (২৭ জুন) বিকালে প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে তিনি এ অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। ২৭ জুন শুক্রবার সকালে প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারগুলোর স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না পরিবারগুলোর পুরুষ সদস্যরা।

এ নিয়ে ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা প্রভাবশালী মহলের এহেন অপতৎপরতা থেকে বাঁচতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার পাশার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তারা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারো চলাচলের পথ বন্ধ করিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের সাথে কথা বলে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।