ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে শান্তি পরিবহনের একটি বাসের সাথে অটোরিক্সা (সিএনজি’র) মুখোমুখী সংঘর্ষে মো: ইব্রাহিম (২৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।
সোমবার(১০ আগষ্ট) বেলা ১ টায় উপজেলার পাইন্দং ইউপির ডলু রাবার বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক ইব্রাহিম পাইন্দং ইউপির উত্তর পাইন্দং ডলু নয়া বাজার এলাকার জনৈক আবুল বশরের পুত্র।
স্থানীয় ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বেলা ১ টার দিকে পার্বত্য জেলা খাগড়াছড়ি অভিমুখী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত মুখি অটোরিক্সা(সিএনজি’র) মুখোমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা মূমূর্ষু অবস্থায় অটোরিক্সা চালক ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, দূর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।








