ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের লিফলেটে মসজিদের খতিবের পদবীতে ইমাম লেখায় আজিজুর রহমান নামের এক মাওলানাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইমাম হোসেন জামে মসজিদের মিলাদুন্নবীর মাহফিলের লিফলেটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আজিজুর রহমান বাদী হয়ে স্থানীয় জামাল উদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে ৫ নভেম্বর বিকেলে ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, ১নং বিবাদী জামাল উদ্দীনের পরিচালনাধীন ইমাম হোসেন (রঃ) জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদুন্নবীর মাহফিলের লিফলেটে মসজিদের খতিব মাওলানা জুনায়েদ হোসেনের নামের পাশে খতিব না লিখে ভুলক্রমে ইমাম লিখাকে কেন্দ্র করে জামাল উদ্দীন ক্ষিপ্ত হয়ে ধর্মপুর বায়তুস সালাত জামে মসজিদের ইমাম আজিজুর রহমানকে ডেকে এনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তার শৌর-চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী ঘটনাস্থল ত্যাগ করার সময় এলাকা ছেড়ে না গেলে তাকে প্রাণনাশের বিভিন্ন হুমকী-দমকী দিয়ে যায়। এরপর থেকে আজিজুর রহমান নিরাপত্ত্বাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, থানায় একটি অভিযোগ দিয়ে গেছে। এসআই রিদোয়ানকে ব্যবস্থা নেয়ার জন্য দেয়া হয়েছে।








