Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আদালতের স্থিতি অবস্থার আদেশ অমান্য করে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার( ২১ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রবাসীর স্ত্রী সেলিনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসীর মা ছবিলা খাতুন ও মাদ্রাসা পড়ুয়া শিশুপুত্র এহছান আজিজ রাব্বী।

প্রবাসীর স্ত্রী সেলিনা আকতার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী মো.আজম, দেবর মোঃ নাজিম উদ্দীন ও মোহাম্মদ এরশাদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছু দিন পূর্বে দেশে আসার পর একটি ষড়যন্ত্র মূলক মামলায় আমার স্বামী বর্তমানে কারাগারে আছে। উপজেলা সদরের করোনেশন স্কুল রোডে আমার স্বামী ও তার অপর দু’ভাইয়ের খরিদা ভোগ দখলীয় ৪০ শতক জমি নিয়ে মঈন উদ্দীন সিদ্দিকীগং বিরোধ সৃষ্টি করতঃ জবর দখল করার পাঁয়তারা করলে আমার স্বামী চট্টগ্রামের যুগ্ম-জেলা জজ ২য় আদালতে মিছ মামলা নং- ৭/২০০৭ দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন। উক্ত মামলার প্রেক্ষিতে আদালত আদেশ নং- ৬৮, তাং- ১১/০২/২০০৯ইং মূলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখল বিষয়ে উভয় পক্ষকে এবং নালিশী জমি বিক্রয় বিষয়ে বিবাদী মঈন উদ্দীন সিদ্দিকীগং-এর উপর স্থিতি অবস্থার আদেশ জারী করেন। গত ১৯ দুপুরে ফটিকছড়ি থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি; এমনকি ডিউটি অফিসার বাবু চেনমং আমার অভিযোগ গ্রহণের কোন রিসিভিং সীল-স্বাক্ষর দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। পুলিশের এহেন নির্লিপ্ততা আমাদের হতবাক করেছে। এমনতর পরিস্থিতিতে আমাদের আশংকা-পরিবারের পুরুষ লোকদের অনুপস্থিতির সুযোগে উপরোক্ত ভূমিদস্যূগণ আমাদের তফসীলোক্ত সম্পত্তি জবর দখল এবং ভরাট করে ফেলতে পারে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূমিদস্যূদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।