সিপ্লাস প্রতিবেদক: করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সব ধরনের দোকানপাট রাত ৮ টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
মঙ্গলবার (২২ জুন) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া এই সভা থেকে একই কারনে জেলার ফটিকছড়ি উপজেলায় আগামী ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
সভা শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের জানান, ফটিকছড়িতে করোনা সংক্রমণের হার প্রায় ৩৬ শতাংশ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে আট দিনের জন্য ফটিকছড়ি উপজেলাকে লকডাউক ঘোষণা করা হয়েছে। এসময় ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, মসজিদে জামায়াতে নামাজ আদায় করা যাবে। তবে শতভাগ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এছাড়া সকল হোটেল-রেস্তোরা এবং সব ধরণের জনসমাগম নিষিদ্ধ থাকবে। এ ব্যাপারে তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মাদ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।








