নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির বাগান বাজারে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ভূজপুরে রাজিয়া সোলতানা (৩২) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুন) উপজেলার বাগানবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড আলমপুর গ্রামের বদিউল আলমের বাড়ির পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ভূজপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

নিহত রাজিয়া সোলতানা বাগানবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মফজল আহমদের মেয়ে।

জানা যায়, ২০০৯ সালে রাজিয়ার প্রথম বিয়ে হয়। ৭ মাসের মাথায় ওই সংসার ভেঙে যায়। পরবর্তীতে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিয়ে করে সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় বসবাস শুরু করে রাজিয়া। পাশাপাশি একটি গার্মেন্টসে চাকরি নেয় সে। বিগত কয়েক মাস পূর্বে স্বামী নুরুল ইসলাম রাজিয়াকে ত্যাগ করে অন্যত্র চলে যায়। এরমধ্যে অসুস্থ হয়ে পড়লে চাকরি ছেড়ে ২৬ জুন বিকালে বাপের বাড়ি বাগানবাজারে চলে আসে রাজিয়া। দীর্ঘ ৭/৮ বছর পর অনেকটা হঠাৎ করে বাড়িতে আসলে পরিবারের সদস্যদের তোপের মুখে পড়ে সে। এ সময়ের মধ্যে রাজিয়া মোবাইলে কারো সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হয়েছিল বলে জানান প্রতিবেশীরা। বাড়িতে আসার পরদিন রবিবার সকালে বাড়ির অদূরে একটি আম গাছের সাথে রাজিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচাার্জ গোলাম আপছার বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যা না হত্যা তার বিস্তারিত জানা যাবে। এছাড়া, লাশের নিচে পড়ে থাকা অবস্থায় তার ব্যবহৃত একটি মোবাইল, ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।