নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির রাশেদ কামাল হত্যা মামলার আরেক আসামী আটক

উত্তর জেলা প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ কামাল হত্যা মামলায় মোঃ নুরুন্নবী (৩০) নামক আরো এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহাদাত হোসেনের নেতৃত্ব ও পিবিআইয়ের স্পেশেয়াল ক্রাইম টিম উপজেলার নানুপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহাদাত হোসেন সিপ্লাসকে মুঠোফোনে জানায়, পুলিশ সুপার পিবিআই চট্টগ্রাম জেলার এসপি’র নির্দেশনায় ইতোপূর্বে হত্যাকান্ডে জড়িত ও তদন্তে প্রকাশিত গ্রেফতারকৃত আসামী আসলাম হোসেন মামুন’র কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দী মতে আসামী মোহাম্মদ মোঃ নুরুন্নবী (৩০)কে গ্রপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেপ্তার নুরুন্নবী নানুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুঁ ফকির বাড়ীর মৃত আব্দুস সালামের ছেলে। এ মামলায় ইতিমধ্যে ১৭ জন’কে গ্রেপ্তার এবং ৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান পিবিআই এ কর্মকর্তা।

উল্লেখ্য,গত বছরের ১১ জুন রাতে নানুপুর বাজারে মাজার গেইটের সামনে মুখোশধারী দুষ্কৃতিকারীরা অতর্কিত গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালকে হত্যা করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে তখন পুলিশ জানায়।

এ ঘটনায় রাশেদ কামালের মা জাহানারা বেগম বাদী হয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরসহ ছয়জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।