সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ি ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফটিকছড়ি উপজেলার ভুজপুরে দুপুর সোয়া ৩টায় হারুয়ালছড়ি এলাকায় ট্রলির ধাক্কায় ওবায়দুল রহমান নামের চার মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। তৌহিদুর রহমান মোটরসাইকেল করে স্ত্রী ও ছেলেসহ বাড়ি থেকে বের হয়ে হারুয়ালছড়ি এলাকায় পৌঁছলে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয় স্ত্রী ও শিশু ওবায়দুল। পরে দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চার মাসের শিশু ওবায়দুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
অন্যদিকে হাটহাজারী – নাজিরহাট সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুড়িপুকুর পাড় এলাকার মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি মারা যায়।
এদিন বিকাল ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে নাজিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় হাটহাজারীমুখী একটি ওষুধ কোম্পানির পিকআপের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আহত দুইজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়। নিহত হারুনুর রশিদ হারুনুর রশিদ একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসাইন।








