রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় এক ফল ব্যবসায়ীর ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. সাদ্দাম (৩১) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মালেক মাস্টার বাড়ির খুরশেদ আলমের ছেলে।
রোববার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকা থেকে তাকে ধরা হয়।
এরআগে একই এলাকার মো. সোহেল (২২) ও মো. সালাউদ্দিন (৩৫) নামে আরও দুই ছিনতাইকারী গ্রেফতার হয়েছিল। তাদের কাছে ছিনতাইয়ের ২৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় সাদ্দাম সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নিজে মোটরসাইকেল চালিয়ে ফল ব্যবসায়ীকে পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার ফটক এলাকায় গিয়ে গতিরোধ করেছিল।
এই ঘটনায় ৬৫ হাজার টাকা ভাগ পেয়েছিল সে। যারমধ্যে ১৫ হাজার টাকা সে ইতিমধ্যে খরচ করে ফেলেছে। বাকী টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিসহ জব্দ করা হয়েছে। এই ঘটনায় আর কারা কারা জড়িত এবং কে কত টাকা করে ভাগ পেয়েছে সব স্বীকার করেছে সে। তাকে আজ (সোমবার) আদালতে তোলা হবে।
উল্লেখ্য গত ২৯ জুলাই রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে ফল বিক্রয়ের ৮ লাখ ৭৭ হাজার ৭০০ বকেয়া টাকা সংগ্রহ করে রাত সাড়ে ৮ টার দিকে সিএনজি চালিত অটোরিক্সায় করে চট্টগ্রাম নগরে যাচ্ছিলেন ছিনতাইয়ের শিকার ফল ব্যবসায়ী মো. শফিকুর রহমান।
রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার এই ব্যবসায়ী চট্টগ্রাম শহরে তাঁর পাইকারি ফলের ব্যবসায় করেন। ফেরার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের সত্যপীর মাজার ফটক এলাকায় পৌঁছলে মোটরসাইকেল করে তিন অটোরিক্সার গতিরোধ করে তাকে মারধর করে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায় এবং তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় ফল ব্যবসায়ী রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করে।








