সিপ্লাস ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। এ অনুমোদনের ফলে ব্রিটেনে জাতীয়ভাবে সবার ওপর প্রয়োগ করা যাবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এ টিকা।
মহামারীতে যারা সবচেয়ে বেশি ঝুঁকি তাদের প্রতিষেধক হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকা দেয়া শুরু করতে যাচ্ছে দেশটির সরকার।
বুধবার অনুমোদন দেয়ার পর ব্রিটেন সরকার বলছে, আগামী সপ্তাহে থেকে তারা এই টিকার প্রয়োগ করতে যাচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজার/বায়েএনটেকের করোনার টিকা ব্যবহারে অনুমোদন দিতে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সুপারিশ আজ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যজুড়ে এই টিকা পাওয়া যাবে। তবে টিকার দেয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণদের বেশি অগ্রাধিকার দেয়া হবে।
ফাইজারের প্রধান নির্বাহী বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের এই অনুমোদন ঐতিহাসিক ঘটনা। বিজ্ঞান বিজয়ী হবে, এমন ঘোষণা দেয়ার পর থেকে আমরা কাজ করে আসছি।
কোম্পানিটি জানায়, আসছে দিনগুলোর যে কোনো সময় করোনার প্রথম ডোজ আসবে। যুক্তরাজ্য চার কোটি ডোজ কিনেছে। চূড়ান্ত পরীক্ষায় এই টিকার ৯৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।
যুক্তরাজ্যের মেডিসিন ও হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অ্যাজেন্সিও বলেছে, এ টিকার ব্যবহার নিরাপদ।
কয়েকদিনের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করবে যুক্তরাজ্য। এরইমধ্যে ৪০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে দেশটি। এর ফলে ২০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, একজনকে দেওয়া হবে দুই ডোজ করে।








