সংগঠনের শীর্ষ পাঁচ নেতা ছাড়াই বৈঠকে বসেছে আওয়ামী যুবলীগ। রোববার (২০ অক্টোবর) বিকেল ৫টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন সংগঠনের নেতারা।
সূত্র জানায়, আওয়ামী যুবলীগের আসন্ন সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন নিয়ে সংগঠনের অভিভাবক শেখ হাসিনার সঙ্গে এ বৈঠক। আজকের বৈঠকেই আসন্ন কংগ্রেসের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যুবলীগের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে বৈঠকে।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, চয়ন ইসলাম, ড. আহম্মেদ আল কবির, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান ও আজহার উদ্দিন।
বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত রয়েছেন।








