নিউজটি শেয়ার করুন

ফার্মেসিতে স্যালাইন, গোডাউনে ভায়াগ্রাসহ অননুমোদিত বিদেশী ওষুধ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর ওষুধের সর্ব বৃহৎ পাইকারি বাজার হাজারি লেইনে অভিযান চালিয়ে মেসার্স লুনা ফার্মেসি থেকে ভায়াগ্রাসহ অননুমোদিত ১৪৯ ধরনের বিদেশী ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফার্মেসিটির মালিক কানু নন্দিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় বিশ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে র‌্যাব-৭ এবং ওষুধ প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসিটি দীর্ঘদিন ধরে দেশীয় ওষুধের আড়ালে অননুমোদিত, ভায়াগ্রা ও বিদেশী অননুমোদিত ওষুধ বিক্রি করছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান সিপ্লাসবিডি.নেটকে বলেন, ‘মূল ফার্মেসির আউটলেটে স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ নেই। কিন্তু গোডাউন তল্লাশি করলে দেখা যায়, সেখানে বেনামী অননুমোদিত, বিদেশি আর যৌন উত্তেজক ওষুধ। প্রতিষ্ঠানটির মালিক কানু নন্দি স্বীকার করেন যে, তিনি শুধু বিদেশী ওষুধই বিক্রি করেন। প্রতিষ্ঠানটি থেকে ১৪৯ ধরনের ওষুধ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য বিশ লাখ টাকা।’

আলী হাসান বলেন, ‘বাংলাদেশ প্রায় ১৪৫ ধরনের ওষুধ বিদেশে রপ্তানি করছে। দেশে ওষুধ আমদানির কোনো প্রয়োজন নেই। তাছাড়া লুনা ফার্মেসিতে পাওয়া বিদেশি ওষুদ ভারত ও জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আমদানি করা হয়েছে। তাই অননুমোদিত ওষুধ বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ফার্মেসিটির মালিক কানু নন্দিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এ অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন কানু নন্দিক।’

অভিযানে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নূরুল আবছার একং ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অংশ নেন।