সিপ্লাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি-আমেরিকান মিলিয়নিয়ার ফাহিম সালেহ হত্যায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্ক পুলিশের হাতে আটক ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি এখনো।
এনওয়াইপিডি সূত্র জানিয়েছে, আটক ওই ব্যক্তিকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বড় ধরনের কোনো ব্যবসায়িক লেনদেনের জের ধরেই ফাহিম সালেহকে হত্যা করা হয়েছে বলে আভাস পাওয়া গেছে।
এনওয়াইপিডির হাতে আটক ব্যক্তি ফাহিমের পরিচিত ছিলেন। পুলিশের সূত্র ধরে নিউইয়র্কের ‘আই উইটনেস নিউজ চ্যানেল সেভেন’ জানিয়েছে, আটক ব্যক্তি ফাহিমের সঙ্গে কাজ করতেন। তাঁদের মধ্যে ব্যবসায়িক কোনো লেনদেন ভালো যায়নি বলেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি এখনো তদন্তাধীন বলে এর বেশি কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই একজনকে শনাক্ত করার কথা জানা গিয়েছিল পরদিনই। নিউইয়র্ক পুলিশ বৃহস্পতিবার লোকটিকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তিনি আবোলতাবোল বকতে থাকেন বলে জানা যায়।








