প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
এছাড়া ফিফার তরফে প্রধানমন্ত্রীর হাতে শেখ হাসিনা নামাঙ্কিত নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি তুলে দেন ইনফান্তিনো।একই সঙ্গে বাংলাদেশের পক্ষে ফিফা প্রেসিডেন্টকে ইনফান্তিনো নামাঙ্কিত লাল-সবুজের জার্সি উপহার দেন শেখ হাসিনা।
অল্পক্ষণের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
ইনফান্তিনো চলতি মাসে এশিয়ায় শুভেচ্ছা সফর শুরু করেছেন। সফরের শুরুটা হয় লেবানন থেকে। এরপর উত্তর কোরিয়ায় যান তিনি। সেখানে বিবাদমান দুই কোরিয়ার প্রীতি ম্যাচ উপভোগ করেন। পিয়ংইয়ং সফর শেষে মঙ্গোলিয়ায় যান ফিফা বস। সেখান থেকে বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকায় পা রাখেন তিনি।
এর আগে ফিফা সভাপতি হিসেবে জোয়াও হ্যাভেলাঞ্জ এবং সেপ ব্লাটার বাংলাদেশ সফর করেন। ১৯৮০ সালে ঢাকা সফরে আসেন হ্যাভেলাঞ্জ। এরপর ২০০৬ সালে সফর করে যান ব্লাটার। ২০১২ সালে আবার আসেন তিনি।

