Site icon CPLUSBD.COM

ফিরোজ শাহ কলোনীতে কলেজছাত্রী ধর্ষণ: দুই বন্ধুর একজন গ্রেপ্তার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ফিরোজ শাহ এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে খুলশী থানার মাস্টার লেইন এলাকা থেকে রাকিবুল হাসান ওরফে আরিয়ানকে (২০) গ্রেপ্তার করা হয়। এই যুবকের সঙ্গেই ধর্ষণের শিকার ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, আরিয়ান এ ঘটনার পর পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

“বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।”

এদিকে তার অপর বন্ধু মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি জহির। মেহেদীর বাসাতেই ধর্ষণের ঘটনা ঘটে।

নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির একটি বাসায় গত ১১ ডিসেম্বর ধর্ষণের ঘটনা ঘটার কথা উল্লেখ করে থানায় মামলা করেছেন ওই কলেজছাত্রীর মা।

মামলায় তিনি অভিযোগ করেছেন, আরিয়ানের সঙ্গে তার দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাসা থেকে এ নিয়ে নিষেধ করায় তার মেয়ে আরিয়ানকে এড়িয়ে চলতে শুরু করে।

গত ১১ ডিসেম্বর বিকালে ওই কলেজছাত্রী বই কেনার জন্য বাসা থেকে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোন করে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পূর্ব ফিরোজ শাহ কলোনিতে বন্ধু মেহেদীর বাসায় আছে জানিয়ে দেখা করতে বলেন।

ওই কলেজছাত্রী সেখানে গেলে তাকে জোর করে দুইজন মিলে ধর্ষণ করে অভিযোগ করেছেন তার মা।

ওই ছাত্রীর মা মামলায় আরও উল্লেখ করেন, মেহেদীর বাসায় এ ঘটনা ঘটার সময় বাসায় আর কেউ ছিলেন না। তার মেয়ের চিৎকার চেঁচামেচি করলে তা যেন বাইরে যেন শোনা না যায় সেজন্য উচ্চশব্দে গান ছেড়ে দিয়েছিল তারা।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আরিয়ান ও মেহেদী এলাকায় বখাটে হিসেবে পরিচিত। স্থানীয় যুবলীগ নেতার পরিচয় দেওয়া এক ব্যক্তির প্রশ্রয়ে তারা বেপোরোয়া জীবন যাপন করে।

ওসি জহির বলেণ, আরিয়ান বেসরকারি সংস্থা ইউসেফ স্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। মাঝে কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করলেও এখন বেকার।

২০১৭ সালে বাওয়া স্কুলের কাছে দলবলসহ অস্ত্র নিয়ে একটি বাসে উঠে ভয়ভীতি দেখানোর সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছিল আরিয়ানসহ আরও কয়েকজনকে। পুলিশের অভিযোগপত্রে ওই মামলায় প্রধান আসামি আরিয়ান।