নিজস্ব প্রতিবেদক: কারো কোন কথায় যেন কানে যাচ্ছেনা কদমতলী ফ্লাইওভার নিচে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের। তাই এবার তাদের দৌরাত্ম কমাতে নিজেই মাইক হাতে নেমে পড়লেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর মাঝিরঘাটস্থ স্ট্যান্ড রোড হয়ে কদমতলী ফ্লাইওভার থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাত পরিদর্শন করেন। এসময় তিনি কদমতলী ও দেওয়ানহাট ফ্লাইওভারের নিচে এবং ফুটপাত অবৈধ দখল করে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন।
“আজকে আমি আপনাদের ভাই হিসেবে এখানে এসেছি। আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি আপনার নিজ জিম্মায় ফুটপাত এবং রাস্তার উপর থাকা আপনাদের মালামাল গুলো নিজ জিম্মায় সরিয়ে নিবেন। ফ্লাইওভারের নিচে রাস্তা কিংবা ফুটপাতের উপর কোন কিছু রাখা যাবেনা। এরপর কর্পোরেশনের ব্যবস্থাপনায় পুলিশসহ এসে যা পাবে সব তুলে নিয়ে যাবে।”
এসময় তিনি আরো বলেন “ব্যবসা বাণিজ্য করতেছেন ভালো কাজ, রসুলের সুন্নত। কিন্তু আপনারা যেন অন্যের পথচলায় প্রতিবন্ধকতার কারণ না হন”।
এর আগে তিনি ষ্টেশন রোড, নিউমার্কেট মোড়ে চসিকের গণশৌচাগার থেকে অবৈধভাবে পানি বিক্রির সময় হাতে নাতে ধরে পাইপ জব্দ করে নেন এবং সাথে সাথে পানি বিক্রী বন্ধের নির্দেশনা দেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে তথ্য রয়েছে কিছু অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চসিকের পানি বিক্রীর রমরমা ব্যবসা করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই আজ থেকে এই পানি বিক্রী বন্ধ। এজন্য আমার পক্ষ থেকে মনিটরিং করা হবে একই সাথে গণশৌচাগারের ইজারা বাতিল করা হবে। যদি এমন কাজে জড়িত কাউকে পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে”।

এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিকের নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








