সিপ্লাস প্রতিবেদক: ফেনী সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ১৪৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটককৃত আসামীরা ১। মোঃ মিজান (চালক) (৩০), ২। মোঃ মামুন (২৭), উভয়- পিতা- ইসমাইল, উভয় সাং- উত্তর ষোলকিয়া, থানা ও জেলা- নোয়াখালী এবং ৩। মোঃ ওহিদুল্লাহ (৩০), পিতা- মোঃ রহমতুল্লাহ, সাং- হাজিপুর থানা- বেগমগঞ্জ।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানাধীন মহিপালস্থ সুজন রেস্তোরা হোটেল এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ গাড়ি থামানোর সংকেত দিলে পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।
পরবর্তীতে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো ও সনাক্তমতে নিজ দখলে থাকা পিকআপটির চালকের বসার সিটের নীচে একটি বস্তার ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত পিকআপটি (ঢাকা-মেট্রো-ন-১৯-১২১৭) জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তার আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৪৮ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপের অনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।








