ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজীতে ভারতীয় হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভারতীয় হাইকমিশনারের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে দুই মামা ভাগ্নেকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত বীরেন্দ্র কুমার সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৪৫)ও বরইয়া গ্রামের বিপ্লব কান্তি দত্তের ছেলে বিমান কান্তি দত্ত (২৪) ।
তাঁরা সম্পর্কে মামা ভাগ্নে। বিমান দত্ত সীল ও স্বাক্ষর জাল করে এই নিয়োগ পত্রটি দিয়েছেন বলে জানা যায়। ফুলগাজীতে উপজেলার আমজাদহাট ইউনিয়ন, বসন্তপুর গ্রামের অজিত রঞ্জন পালের ছেলে রুহুল পাল (২৫)কে ভারতীয় হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে তার থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে আরো জানতে চাইলে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন সিপ্লাস টিভি কে জানান, মামলার পরিপ্রেক্ষিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আরেকজন আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।








