সিপ্লাস প্রতিবেদক: আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় এ ঘটনার সূত্রপাত হয়।
বিবাদমান দুই গ্রুপ হচ্ছে, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সিক্সটি নাইন। এর মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ খান এবং একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ছাত্র মো. আজিম।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী শরিফ খানের সাথে ১৯-২০ সেশনের আন্তর্জাতিক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে আজিম নামে এক কর্মীকে শহিদ মিনারে মারধর করলে উভয় গ্রুপের মধ্যে সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত আছেন। এখন পরিস্থিতি শান্ত।








