সিপ্লাস ডেস্কঃ মৌলভীবাজারে জাদুশিল্পী সুমন (২৮) নামের এক যুবক ফেইসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ আগস্ট) রাত ১১ টা ৩০ মিনিটে নিজের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ বলে আত্মহত্যা করেন। তিনি কামালপুর ইউনিয়নের থানা বাজারের গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
জাদু দেখানোর পাশাপাশি চালাতেন সিএনজিচালিত অটোরিকশা। কিন্তু আয় রোজগার খুব একটা ছিল না। শেষ পর্যন্ত ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন মৌলভীবাজারের জাদুশিল্পী সুমন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে যাদুকর সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এ সময় তিনি পরিবারের সদস্যসহ সবার কাছে ক্ষমা চান। এক পর্যায়ে দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সেলিম খান বলেন, যাদু শিল্পী সুমন একটি জমি কিনতে চাচ্ছিলেন। কিন্তু টাকা জোগাড় করতে পারছিলেন না। এছাড়া তার পরিবারেও অভাব-অনটন আর কলহ লেগেই ছিল।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন অভাব অনটন আর পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাটি তদন্ত করা হবে।








