Site icon CPLUSBD.COM

ফোর্বস ম্যাগাজিনে পরিমনী’র নাম আছে কিন্তু ছবি নেই

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিনে ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে নাম এসেছে চিত্রনায়িকা পরীমণির। ৭ ডিসেম্বর ফোর্বস ম্যাগাজিন তাদের ওয়েবসাইটে এশিয়ার ১০০ ডিজিটাল তারকাদের নাম প্রকাশ করে। তবে সেখানে অন্যান্য তারকাদের ছবি, নাম ও কিছু বিবরণ থাকলেও ছবি নেই পরীমণির।

স্ক্রিনশট: ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইট থেকে

এদিকে ফোর্বসে নাম আসার পর প্রথমে নাকি বুঝতেই পারেননি পরীমনি। তিনি গনমাধ্যমে দেয়া স্বাক্ষাতকারে বলেছেন ‘আমার প্রোগ্রাম ছিল ৪টা থেকে, আমি বাসায় আসলাম সাড়ে ১০টার দিকে। তারপর ফোনটা হাতে নিলাম। নেওয়ার পর আমি এমন করে বসে ছিলাম। এত ফোন, এত এসএমএস, এত উইশ, আমি বুঝতে পারিনি যে আসলেই…।’

ফোর্বসের পুরো তালিকা পেতে ক্লিক করুন: Asia-Pacific’s Most Influential Celebrities on Social Media

পরীমণি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেছেন, ‘কাল রাতে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি… মানুষ তো স্বপ্ন দেখে, তাঁর তো একটা কারণ থাকে স্বপ্ন দেখার। আমার মনে হয় ড্রিমটা একটু বড় হয়ে গেল। আরো ভালো ভালো কাজ করার চ্যালেঞ্জটাও রয়ে গেল। শুধু ফ্যান-ফলোয়ার না, অবশ্যই এটা কাজের জন্য…আসলে এই অর্জনটা আমার না। যাঁরা আমাকে ভালোবেসেছেন, সাপোর্ট দিয়েছেন, আমি তাঁদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।’

ছবি: পরীমণির ফেসবুক পেইজ থেকে

ফোর্বস প্রকাশিত তালিকায় পরীমণি সম্পর্কে লিখেছে, “ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে মণির। তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার জেতেন তিনি। এখন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন, যদিও করোনা মহামারির কারণে তাঁর অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছিল।”

এই তালিকায় ভারত থেকে জায়গা পেয়েছেন ১২ তারকা। এঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং, হৃতিক রোশন, নেহা কক্কর, শহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অক্ষয় কুমার ও শ্রেয়া ঘোষাল।

ছবি: পরীমণির ফেসবুক পেইজ থেকে

ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় প্রথম স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’, দ্বিতীয় স্থানে চীনা গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের, তৃতীয় অবস্থানে থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে অমিতাভ বচ্চন।

তবে কিভাবে এই তালিকা করা হয়েছে সে ব্যাপারে ফোর্বস তাদের ওয়েবসাইটে জানিয়েছে মুলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ১০০ জন গায়ক, ব্যান্ড, এবং ফিল্ম এবং টিভি তারকারা এই তালিকায় স্থান পেয়েছে। তাদেরকেই স্থান দেয়া হয়েছে যারা মুলত সোশ্যাল মিডিয়াগুলোতে জনপ্রিয়তার শীর্ষে। পাশাপাশি যারা নিজ দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বেশ জনপ্রিয় এবং সমাদৃত।

ফোর্বস বলেছে আমরা এমন সেলিব্রিটিদের প্রতি বিশেষ মনোনিবেশ দিয়েছি যারা কোভিড-১৯ এর এ সময়ে ভক্তদের থেকে এবং তাদের কাজ থেকে শারীরিকভাবে দূরে থাকলেও তাদের ভক্তদের সাথে যোগাযোগের জন্য, সচেতনতা বাড়াতে এবং আশাবাদকে উদ্বুদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সক্রিয় ও প্রাসঙ্গিক থাকতে পেরেছেন।

এদিকে শুক্রবার মুক্তি পাচ্ছে পরী মনি অভিনীত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটির প্রচারণায় এখন বেশ ব্যস্ত এ চিত্রনায়িকা। আবার এ দিন থেকেই শুটিংয়ে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’।