সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারে প্রবেশ মুখে গেইট ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপে থাকা এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. পরান (১৫)।
সে নগরীর সদরঘাট থানার এলাকার মো. মাহবুবের ছেলে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী পিকআপ ভ্যানের উপরে ছিলেন মো. পরান। আখতারুজ্জামান ফ্লাইওভারে প্রবেশ মুখে গেইট ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পথচারীদের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ফ্লাইওভারে প্রবেশ মুখে গেইটের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

