সিপ্লাস প্রতিবেদক: রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
সোমবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তরুণীর বড় বোন নুসরাত জাহান (৩৪) বাদী হয়ে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর(৪২) আসামী করে মামলা দায়ের করেন।
গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।
তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তাঁরা। মোসারাত জাহান রোববার তাঁর বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তাঁর বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তখন পুলিশে খবর দেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত গুলশান থানার পুলিশ মোসারাতের লাশের সুরতহাল করছিল। পুলিশ সায়েম সোবহান আনভীরকে নজরদারীতে রেখেছেন বলে জানা গেছে।
ওই তরুণী ৫০ লাখ টাকা চুরি করেছে মর্মে একটি কথোপকথনের রেকর্ডিং সিপ্লাসটিভির হাতে এসেছে। তবে সত্যতা যাচাইয়ের সুযোগ না থাকায় রেকর্ডিংটি প্রচার করা হয়নি।

