সিপ্লাস প্রতিবেদক: নগরীর বক্সিরহাট ও হালিশহর এলাকার মুহুরি পাড়া উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে প্রাইভেটকার ভাড়া করে অস্ত্র সরবরাহ করতে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মোতাবেক আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কায়েস (২৩), নজরুল ইসলাম আনু (২৫) ও সাজ্জাদ হোসেন সজীব (২৭)। তাদের মধ্যে কায়েসকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আর তাকে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয় বাকি দুজনকে।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার তিনজন অস্ত্র কেনাবেচার একটি ‘সিন্ডিকেট’। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র বিভিন্ন বিভিন্ন ব্যক্তি কিংবা চক্রের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করে।
নেজাম বলেন, মঙ্গলবার বিকালে বক্সিরহাটে আসা একটি প্রাইভেটকারকে পুলিশ থামার সঙ্কেত দিলে গাড়িতে বসা কায়েস নেমে পালানোর চেষ্টা করে। তখন তাকে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায় বলে জানান ওসি নেজাম। থানায় নিয়ে কায়েসকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় অস্ত্রটি আনু ও সজীবের কাছ থেকে সংগ্রহ করেছিল সে। বক্সিরহাট এলাকায় অপর এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল।রাতে তাকে নিয়ে হালিশহর মুহুরি পাড়ার উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনু ও সজীবকে গ্রেফতার করা হয়।
আনু ও সজীব পুলিশকে বলেছেন, ওবায়দুল হাসান আলভী নামে তাদের এক পরিচিত যুবকের কাছ থেকে অস্ত্রটি কিনে নিয়ে কায়েসের কাছে বিক্রি করেন।
আলভীর বাসায় অভিযান চালিয়ে পুলিশ তার খোঁজ পায়নি বলে জানান ওসি নেজাম।
এঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক আলভীকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।








