সিপ্লাস প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) গরীব জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বিশ্বের বহু উন্নত দেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব, সুদূরপ্রসারী চিন্তাধারা এবং সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ বিপর্যয় মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১:০০টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর যৌথ মানবিক সহায়তা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের একজন লোকও অনাহারে নেই। বঙ্গবন্ধুর কর্মীরা সার্বক্ষণিকভাবে অসহায়দের পাশে রয়েছে।
মেয়র বলেন, প্রকৌশলী সমাজ গরীবদের সহায়তায় এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, যেসব নিম্ন মধ্যবিত্ত লোক ত্রাণ সামগ্রীর জন্য আসতে পারেন না তারা ৩৩৩ এ আবেদন করলে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে এবং মোবাইলেও টাকা পাঠানো হচ্ছে।
মেয়র বলেন, আমরা জনগণের পাশে আছি এবং থাকবো। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আইইবি’র উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যেকোন মানবিক কর্মসূচিতে আইইবি ও প্রকৌশলী সমাজ তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, পিইঞ্জ., প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, বর্তমান ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ, ইআরসির নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবুল হাশেম, কাউন্সিল সদস্য প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী অসীম সেন ও প্রকৌশলী আশিকুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী পরিমল চন্দ্র পালসহ প্রকৌশলী সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য মানবিক সহায়তা কর্মসূচির অধীনে ছয় শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই কর্মসূচি আরো কয়েকদিন চলবে।

