সিপ্লাস ডেস্ক: বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে উপস্থিত করে রায় পড়ে শোনান আদালত। রায় পড়া শেষে মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
ফাঁসি থেকে রক্ষা পেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা নেই।
আদালতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া প্রতিবেদন অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনি মাজেদকে সোমবার দিবাগত রাত ৩ টা ৪৫ মিনিটে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক (এসআই) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ‘নিয়মিত টহলের অংশ হিসেবে তিনি দায়িত্বে ছিলেন। রাত ৩টা ৪৫ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে দিয়ে সন্দেহজনকভাবে রিকশায় করে যাওয়ার সময় ওই ব্যক্তিকে থামান। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন।
একপর্যায়ে তিনি নিজের নাম-ঠিকানা প্রকাশ করেন এবং বলেন, তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। জিজ্ঞাসাবাদে মাজেদ আরও স্বীকার করেন, গ্রেপ্তার এড়ানোর জন্য ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপন করে ছিলেন।’








