জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ শীর্ষক একটি বায়োপিক। ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় এই বায়োপিকের ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ওয়েবসাইটে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মেয় ‘বঙ্গবন্ধু’ শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ৫০জন নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা প্রকাশ করেছে।
তালিকা অনুযায়ি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ। নুসরাত ইমরোজ তিশা করবেন রেনুর বড়বেলার চরিত্রে এবং শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।
এছাড়া রেনুর ছোটবেলার চরিত্রে দীঘি, শেখ হাসিনার বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া, পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে শতাব্দী ওয়াদুদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, রেনুর দাদার চরিত্রে গাজী রাকায়েত, সাহেরা খাতুন(বয়স্ক) চরিত্রে দিলারা জামান, এ,কে, ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর এবং শওকত মিয়ার চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করবেন।
উল্লেখ্য, বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধুর শততম জন্মদিন আগামী ১৭ই মার্চ আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং শুরু হচ্ছে।

