নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্যের প্রতিবাদ জানালো চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরা

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়ে হেফাজতে ইসলামের নেতারা রাষ্ট্রীয় মূলনীতি ও সংবিধানবিরোধী অবস্থান নিয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ থেকে।

বুধবার দুপুরে ‘বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকর্মী, চট্টগ্রাম’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব কাজী মহসীন বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি এবং তাদের দোসর, ধর্মান্ধ-সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত। বারবার দেশের স্বাধীন অস্তিত্বকে আঘাত করেছে, মুক্তিযুদ্ধে চেতনাকে আঘাত করেছে।

“ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী এই অপশক্তি ভাস্কর্য-মূর্তি বিরোধী উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। ৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে সাম্প্রদায়িক অপশক্তি নানা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, আশ্রয়ে-প্রশ্রয়ে দিন দিন বিকাশ লাভ করেছে। এখনই এই অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে।”

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোস্তাক আহমেদ বলেন, দেশবিরোধী সাম্প্রদায়িক, ধর্মান্ধ মৌলবাদীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শুভশক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে।

“ভাঙচুরের ঘটনায় স্বাধীনতাবিরোধী জামায়াত-হেফাজতে ইসলাম ও ধর্মান্ধ-মৌলবাদী গোষ্ঠী জড়িত। ভাস্কর্যের বিরোধীতা করে তারা সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি এবং একাত্তরে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাংবাদিক প্রীতম দাশ বলেন, “সাম্প্রদায়িক এই অপশক্তি বাংলাদেশের সংবিধানের মূলনীতি পাল্টানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সরকার-উচ্চ আদালতের নির্দেশনা ও রাষ্ট্রের চার মূলনীতির বিরুদ্ধাচরণ করে দেওয়া তাদের বক্তব্য দেশদ্রোহিতার সামিল। এসব ধর্মান্ধ, উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির কার্যক্রম নিষিদ্ধ করতে সরকারের প্রতি দাবি জানাই।”

সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. ফারুক, সরোয়ার আমিন বাবু প্রমুখ।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সংগঠক সুনীল ধর, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, খেলাঘর সংগঠক রুবেল দাশ প্রিন্স, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, দারুল উলুম আলেয়া মাদ্রাসার ছাত্রসংসদের ভিপি রফিকুল ইসলাম, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সভাপতি নূর নবী শাহেদ প্রমুখ।