নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় দুইদিনব্যাপী মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের সমাপনী দিনে শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্থিরচিত্র প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কাপ্তাই সড়কের রোয়াজারহাট হয়ে প্রায় ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে শেষ। সেখানে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

পরে সেখানে বঙ্গবন্ধুর জীবন দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মাদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

এসব কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিতে ভোর থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গন মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। এমনকি উপজেলা ছাপিয়ে আশেপাশের এলাকাগুলোতেও অবস্থান নেন ক্ষণগণনা অনুষ্ঠানে আগত মানুষ। এরআগে কাপ্তাই সড়কের ইছাখালী সদরে ৭ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রশস্ত ক্ষণগণনা ঘড়ি স্থাপন করা হয়েছিল। এটিকেও ঘিরে ছিল উৎসুক জনতার ভীড়।