বাংলাদেশ মেরিন একাডেমি’তে দুই বৎসর প্রশিক্ষণ সমাপনীর পর ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে ১০টায়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল৷
স্বাগত বক্তব্য রাখেন একাডেমির কমান্ড্যান্ট চার্টার্ড মেরিন ইন্জিনিয়ার ড. সাজিদ হোসেন। শিক্ষামন্ত্রী ৫৪তম ব্যাচের প্যারেড পরিদর্শন এবং পরে কুঁচকাওয়াজে সালাম গ্রহণ করেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে প্যারেড পরিদর্শন করেন অতিথিরা। এবারের ৫৪তম ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫জন ক্যাডেটসহ মোট ১০৪ জন ক্যাডেট দু’বছর মেয়াদি অ্যাকাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে। সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. সালমান হাসান রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখার আবু সালেহ এবং প্রকৌশল শাখার ইকবাল মাহমুদ ইকরা নৌ মন্ত্রণালয়ের রৌপ্য পদক অর্জন করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ের পর এই একাডেমীকে বাংলাদেশ মেরিন একাডেমী নামে প্রতিষ্ঠিত করেন। ১৯৭৩ সালে একটি প্রকল্প গ্রহন করেন তিনি। প্রকল্পটির আওয়াতায় সম্প্রাসারণ ও আধুনিকায়নের কাজ শুরু করেন এবং পর্যায়েক্রমে এটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নীত হয়।
তিনি আরো বলেন, আধুনিক ও বিশ্বমানের জ্ঞান-বিজ্ঞানসমৃদ্ধ প্রযুক্তি ও দক্ষতানির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসারে শেখ হাসিনা সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন।








