সিপ্লাস প্রতিবেদক: কয়েকদিন টানা অসহ্য গরমের পর গত তিন দিন ধরে কখনো হালকা আবার কখনো মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম সহ দেশের নানা জায়গায়। মেঘলা আবহাওয়ার সাথে মাঝারি মাপের দমকা হাওয়াও বইছে। এরই মাঝে জানা যাচ্ছে, চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘুর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি আগামী ২২ শে সেপ্টেম্বর এর মধ্যে থাইল্যান্ডের উপকূলে সৃষ্টি হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগর হয়ে ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে দিবাগত রাতে উপকূলে আঘাত হানার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। আপাত ভাবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। আগামী ২/৩ দিন পরে আরও নির্দিষ্ট করে বলা সম্ভব হবে এ ঘূর্ণিঝড়টি কি পরিমান শক্তিশালী হতে পারে ও ঠিক কোন স্থানে ও কোন সময়ে আঘাত হানতে পারে।
এ ব্যাপারে সিপ্লাস প্রতিবেদক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে আন্দামান ও নিকুবার দ্বীপপুঞ্জ ও থাইল্যান্ড উপকূলের মধ্যবর্তী সাগরে সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের প্রভাবে ২৪ ও ২৫ তারিখে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ও ২৬ শে সেপ্টেম্বর সারাদেশের বৃষ্টিপাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ঝড়টি ২৬ তারিখে সন্ধ্যার পর থেক ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। এই ঝড়টি প্রায় একই স্থানের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করবে যে স্থান দিয়ে ঘূর্ণিঝড় ইয়াস স্থল ভাগে প্রবেশ করেছিল। বর্তমান পূর্বাভাষ অনুসারে ঝড়ের সামান্য প্রভাব পড়তে পারে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর দ্বীপ ও উপকূলবর্তী এলাকায়।
ছবি বর্ণনা: সম্ভব্য বৃষ্টিপাতের পরিমাণ ও সমুদ্র পৃষ্ঠে সম্ভব্য বায়ুচাপের পরিমাণ।

