নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে জাল ফেলার স্থান দখল নিয়ে দু’গ্রপের সংঘর্ষ, পাড়ে এসে প্রাণ গেল জেলের

আনোয়ারা প্রতিনিধি : বঙ্গোপসাগরে জাল ফেলার স্থান (ফাঁড়) দখল নিয়ে দুই গ্রুপের মারামারি ঘটনায় পাড়ে এসে প্রাণ গেল আবদুল কাদের (৫০) নামের এক জেলের।

রবিবার (১৩ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় উত্তর পরুয়াপাড়া এলাকার ঈদগাঁ ঘাটের গভীর সাগরে এ ঘটনা ঘটে।

নিহত জেলে উত্তর পরুয়াপাড়া তাহের মাঝি বাড়ির মৃত বশির আহমদের পুত্র।

সাগরে নৌকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে বাঁশের আঘাতে আহত অবস্থায় পাড়ে এসে জেলে কাদের মারা যায় বলে দাবী করেন পরিবারের সদস্যরা।

ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ একই এলাকার উত্তর পরুয়াপাড়া পাইকের বাড়ির মৃত ছৈয়দ নুরের পুত্র মোহাম্মদ তাহের (৩৫) কে গ্রেপ্তার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে জাল ফেলার স্থান (ফাঁড়) ও মাছ বিক্রিসহ নানা বিষয় নিয়ে রাতের অন্ধকারে একেই অপরে ফাঁড় দখলের চেষ্টার ঘটনাও ঘটে আসছে। আর এসব ঘটনা নিয়ে প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা সালিশী বৈঠক করে বিভিন্ন সময়ে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উত্তর পরুয়াপাড়া এলাকার ঈদগাঁ ঘাটের জেলে আবদুল রশিদের বোটে আবদুল কাদের মাছ ধরতে যায় সাগরে। ওই সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার ফাঁড় দখল নিয়ে স্থানীয় রশিদ ও তাহেরের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েক জন আহত ও পাড়ে এসে জেলে আবদুল কাদের মারা যায়।

রায়পুর ইউনিয়ন মৎস্যজীবি সমিতির সভাপতি মোহাম্মদ ছমদ বলেন, ফাঁড় নিয়ে কিছু ধন্ধ চলছে মাঝিদের মধ্যে। মন্ত্রী মহোদয়ের নির্দেশে কয়েকটি সমাধানও করা হয়েছে। জেলেদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে সেটা জেনেছি। আবদুল কাদের স্ট্রোক করে মারা গেছে। আমি আর কিছু জানি না।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে আবদুর রহিম (৩০) বলেন, আমি পুরো ঘটনা দেখেছি কিন্তু আমার মাঝির নির্দেশ ছাড়া আমি কিছু বলতে পারব না।

অপর বোটে থাকা মাঝি মোহাম্মদ হারুন (৩৭) বলেন, আমরা অন্য বোটে মাছ ধরছিলাম। সাগরে দেখছি দুই বোটের মধ্যে মারামারি হচ্ছে সেটাই দেখেছি আর কিছু না।

এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা করেনি। কেউ যদি মামলা বা অভিযোগ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিহত আবদুল কাদেরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে কি কারণে মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার পর সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।