নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চট্টগ্রামেও হতে পারে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে লঘুচাপ: চট্টগ্রামেও হতে পারে ভারী বৃষ্টি

সিপ্লাস ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজ করায় দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে উত্তর অন্ধ প্রদেশ ও এর কাছাকাছি দক্ষিণ উড়িষ্যায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর অন্ধ প্রদেশ ও এর আশপাশের এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আজ মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার

অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুমিল্লায় ৪০, খুলনায় ২৪, ভোলায় ২৩, খেপুপাড়ায় ১৯, যশোরে ১৭ এবং মংলা ও রাজারহাটে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজারহাটে সর্বনিন্ম তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here