সিপ্লাস ডেস্ক: আগামী ১২ অক্টোবর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের আলোচিত মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির মামলায় রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত।
রবিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসা. কামরুন্নার মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করেন।
মামলার অপর আসামিরা হলেন- সাফাতের তার বন্ধু সাদমান সাকিব ও নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম এবং সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।
আসামিরা সবাই জামিনে থেকে এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক আসামিদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন।
মামলাটিতে আসামি সাফাত, তার চালক ও দেহরক্ষীর পক্ষে সিনিয়র আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিব উল্লাহ হিরু, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান, দুদক প্রসিকিউপর মোশারফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন করেন। আসামি সাদমানের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক প্রসিকিউটর এহসানুল হক সমাজী এবং আসামি নাইম আশরাফের পক্ষে আইনজীবী খায়রুল ইসলাম লিটন যুক্তি উপস্থাপন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এবং বাদী পক্ষে ভুক্তভোগীর ব্যক্তিগত আইনজীবী ফারুক আহমেদ যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপনে বাদী ও রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন মর্মে সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তি দাবি করেন।
অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে পারেন নাই মর্মে খালাস প্রার্থনা করেন।
এর আগে মামলাটির ৪৭ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ গ্রহণ করে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর গত ২৯ আগস্ট আসামিদের আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিত হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর শুরু হয় যুক্তি উপস্থপন।

