Site icon CPLUSBD.COM

বন্ড সুবিধার অপব্যবহার করে আনা সিগারেটের চালান আটক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর দিয়ে বন্ড সুবিধার অপব্যবহার করে শতভাগ রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল হিসেবে Polyester PET Strap ঘোষণায় বিদেশী সিগারেট আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আমদানিকারক পাবনার ইশ্বরদী ইপিজেড এর ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রি লিমিটেড।

বন্ড সুবিধায় Polyester PET Strap আমদানি করার ঘোষনা থাকলেও তারা বিদেশী সিগারেট আমদানী করেছে।

গোপন সংবাদ থাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম এর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক Assycuda World System এ আইজিএম টি ব্লক করা হয় এবং কাস্টম হাউস চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এ দপ্তরের অনাপত্তি ব্যতীত পণচালানটি খালাস প্রদান না করার জন্য চিঠির মাধ্যমে অবহিত করা হয়।

আজ ১৭ ফেব্রুয়ারি (বুধবার) কন্টেইনারটি Forced Keep Down এর মাধ্যমে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর এর প্রতিনিধি কর্তৃক পণ্য চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে। কায়িক পরীক্ষায় ঘোষনা বহির্ভূত বিপুল পরিমাণ বিদেশী সিগারেট পাওয়া যায়।

সিগারেটের চালান আটকের বিষয়টি নিশ্চিত করে কাস্টমস ইন্টেলিজেন্স শাখার সহকারী পরিচালক নূর নাহার লিলি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শুল্কমুক্ত সুবিধায় শিল্প উপকরণের বদলে বিদেশি সিগারেট আনা হয়েছে। সে তথ্য অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করে বিদেশী সিগারেট আটক করি। শুল্কমুক্ত সুবিধায় শিল্পের কাঁচামাল আমদানির করার কথা ছিল। কিন্তু এই চালানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট। দেশে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত হিসেবে রপ্তানী শিল্পের কাঁচামালগুলো শুল্কমুক্তভাবে দ্রুত খালাস দেয়া হয়। এই সুযোগের অপব্যবহার করতেই সিগারেট আমদানি করা হয়েছিল।

আটক পণ্যচালানের ইনভেন্ট্রি প্রক্রিয়াধীন।

কায়িক পরীক্ষায় ঘোষনা বহির্ভূত NANO ORIS, BLACK, DUNHILL, DAVIDOFF ব্র্যান্ডের বিদেশী সিগারেট পাওয়া যায়। আটককৃত মোট সিগারেটের পরিমাণ- ৪৮ লক্ষ ২৮ হাজার শলাকা, ৩৭৪৮.৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এ বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।