নিউজটি শেয়ার করুন

বন্দরকে লকডাউনের আওতামুক্ত রাখতে চেম্বার সভাপতির আহবান

বন্দরকে লকডাউনের আওতামুক্ত রাখতে চেম্বার সভাপতির আহবান

সিপ্লাস প্রতিবেদক: রপ্তানিমুখী বিভিন্ন খাত ও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য লকডাউনের আওতামুক্ত রাখা এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান খোলা রাখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।

শনিবার(২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ আহবান জানান।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন- ক্রমবর্ধমান করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের লকডাউন পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই। কেননা আগে জীবন, পরে জীবিকা। কাজেই যেকোনো মূল্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রন করা অতীব প্রয়োজন। পাশাপাশি কিছু বিষয় বিবেচনা করা দরকার। বর্তমানে এ মহামারীর কারণে দেশের অর্থনীতি একটি দুঃসময় অতিবাহিত করছে। এ অবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা সচল রাখতে রপ্তানি খাতকে লকডাউনের আওতা বহির্ভূত রাখা আবশ্যক। একই সাথে আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য যাতে সারাদেশে নির্বিঘ্নে পরিবহন করা যায় তা নিশ্চিত করা প্রয়োজন। যাতে করে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান গেইটওয়ে চট্টগ্রাম বন্দর অবশ্যই সচল রাখার বিষয়ে বিবেচনা করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী ২৪ ঘন্টা বন্দর সচল রাখার অনুশাসন দিয়েছেন। আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে দেশের ইমেজ এবং সংশ্লিষ্ট দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্কের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই সীমিত পরিসরে স্বল্পসংখ্যক জনবল দিয়ে বন্দর চালু রাখা যেতে পারে। এক্ষেত্রে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা প্রয়োজন হবে।

চিটাগাং চেম্বার সভাপতি দেশের স্বার্থে এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রজ্ঞাপনে অন্তর্ভূক্ত করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।