সিপ্লাস প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি সড়কে ঘোষণা ছাড়াই পরিবহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে নগরের অক্সিজেন মোড়, আতুরার ডিপো, হামজারবাগ, মুরাদপুরসহ বিভিন্ন মোড়ে শত শত মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
পরিবহন ধর্মঘটের কারণে নগরীর কয়েকটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে গণপরিবহন না থাকার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে রিকশাচালকেরা।
পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের নির্যাতনের কারণে তারা গাড়ি চালাতে পারছেন না। এজন্য বাস চলাচল বন্ধ রেখেছেন।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মনজুরুল আলম মঞ্জু বলেন, ‘প্রতিনিয়তই আমরা প্রশাসনের নির্যাতনের শিকার হচ্ছি। কোনও কারণ ছাড়াই মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশসহ প্রশাসনের লোকজন বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা আর পারছি না। তাই বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখেছি। ’
সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের উপকমিশনার আলী হোসেন বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। কেন হঠাৎ তারা গাড়ি বন্ধ রেখেছে, আমরা খবর নিচ্ছি।








