সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দরে কৃষি উপকরণ লাঙ্গল আমদানির চালানে মিলল তিন কন্টেইনার ৫০ টন (৩০ হাজার কেজি)কসমেটিকস প্রসাধনী সামগ্রী আটক করেছে কাস্টমসের এআইআর শাখা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মিথ্যা ঘোষণায় আনা তিন কন্টেইনার ৫০ টন প্রসাধনী সামগ্রী আটক করেছে কাস্টমসের এআইআর শাখা।
‘লাঙল’ আমদানির ঘোষণায় আনা এ চালানে আড়াই কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টম হাউসের (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম জানান, বন্দরের গোপন সংবাদের ভিত্তিতে আমরা তিনটি কনটেইনারই জব্দ করেছি। এগুলোতে সাবান, বিউটি ক্রিম, সেভিং ক্রিম, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনসামগ্রী রয়েছে। যা চালানে থাকার কথা ছিল কৃষিপণ্য। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানটি এ চালানে নিয়ে আসে প্রসাধনী সামগ্রী। কায়িক পরীক্ষায় লাঙ্গলের পরিবর্তে প্রায় ৫০ মেট্রিক টন শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য প্রসাধন সামগ্রী পাওয়া যায়। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








