সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দর হয়ে আসা শিশুখাদ্যের (ল্যাকটোজেন) চালান আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণায় মালয়েশিয়া থেকে আনা চালানটিতে ১ হাজার ৯৫০ কার্টুনে ২১ হাজার ৬০ কেজি ল্যাকটোজেন ছিল।
জানা গেছে চালানটিতে প্রাপ্ত পণ্যের বিপরীতে ৬৮ লাখ টাকার পরিশোধযোগ্য শুল্ক থাকলেও মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক শুল্ক পরিশোধ করেছিল ৮ লাখ ৪৭ হাজার টাকা। ফলে এতে ৬০ লাখ টাকা ফাঁকির চেষ্টা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া বলেন, মালয়েশিয়া থেকে ঢাকার চকবাজার ৬৫ মৌলভীবাজার ঠিকানার মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের নামে অলিভ অ্যান্ড পিনাট ঘোষণায় একটি চালান আসে। ঘোষণা অনুযায়ী ৮ লাখ ৪৭ হাজার টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। চালানটি খালাসের দায়িত্বে ছিলো চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর প্রগ্রেসিভ টাওয়ারের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি লক করা হয়েছিল। এ চালানে প্রায় ৬০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে।
এ ঘটনায় কাস্টম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টম কর্মকর্তা।








