সিপ্লাস ডেক্স: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বন্ধুকে বলাৎকারের অভিযোগে রানা তালুকদার নামের অপর বন্ধু কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বলাৎকারের শিকার ওই যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজহার সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই যুবকের সঙ্গে বন্দর উপজেলার হাবিব মিয়ার মেসের ভাড়াটিয়া ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শহিদনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রানা তালুকদারের ফেসবুকে বন্ধুত্ব হয়। রোববার সন্ধ্যায় রানা তালুকদার বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে তার মা তাদের বাড়িতে রেখে কর্মস্থলে রাত্রিকালীন ডিউটি করার জন্য চলে যান। এ সুযোগে জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে ওই যুবককে বলাৎকার করেন রানা তালুকদার। পরে তিনি নগদ ৫ হাজার টাকা, মোবাইল সেট ও ব্লেন্ডার মেশিন নিয়ে পালিয়ে যায়। পরদিন ওই যুবকের মা বাড়িতে এসে অচেতন অবস্থায় তার ছেলেকে খাটের ওপর পড়ে থাকতে দেখে ডাকাডাকি শুরু করেন। কোন সাড়া না পাওয়ায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর ঘটনা জানতে পেরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ কৌশল অবলম্বন করে কাঁচপুর এলাকা থেকে রানা তালুকদারকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।








