সিপ্লাস ডেস্ক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় অভিযোগ ও সিসিটিভি ফুটেজ রেকর্ড দেখে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ নেতাকর্মীকে আটক করেছি।
আটককৃতরা হলেন, বরিশাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহ-সভাপতি অলিউল্লাহ অলি, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।
উল্লেখ্য, বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর সি এন্ড বি রোডে এলাকার উপজেলা পরিষদ কম্পাউন্ডে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণসহ গুলিবিদ্ধের ঘটনা ঘটে।
এতে মেয়র বাদে ১৫ জন গুলিবিদ্ধ ও আহত ৩০ হন। তবে মেয়র জ্যাকেট পরিহিত থাকায় তার শরীরের গুলিবিদ্ধ না হলেও শরীরে প্রচণ্ড ব্যথা পায়। আহতদের মধ্যে শেরেবাংলা মেডিকেলে ২৭ জনকে ভর্তি করা হয়। যার মধ্যে ২ জন পুলিশ সদস্য রয়েছেন।








