কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় বাঁকখালী নদী থেকে ফুটবল তুলতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার নাম নুরুল হাকিম বাবু প্রকাশ ডিপজল (১৬)।
সোমবার বিকাল ৫ টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের চর এলাকার আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটে।
নদীতে ডুবে যাওয়ার পর থেকে স্থানীয়রা নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। নিখোঁজ নুরুল হাকিম ঐ এলাকার মোঃ নুর হোসেনের ছেলে।
নাপিতের চর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সরওয়ার জানান, স্থানীয় বেশ কয়েকজন ছেলেরা মিলে বিকালে স্কুলের মাঠে ফুটবল খেলছিল। খেলা শেষের দিকে এক পর্যায়ে বল পার্শ্ববতী বাঁকখালী নদীতে পড়ে গেলে সে বল তুলতে নদীতে সাতার দিলে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে রামু ফায়ার সার্ভিস কর্মকর্তাকে খবর দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।
রামু গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কিশোরকে উদ্ধারে স্থানীয় একটি ডুবুরি টিমও আসছিল কিন্ত তারা রাতে উদ্ধার অভিযান চালাননি।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল আসার কথা রয়েছে। এ টিম সকালে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।








