বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর কাথারিয়া বাজারে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আবু ছৈয়দ প্রকাশ বাদশা (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ৬টি দোকান পুড়ে যায়।
শুক্রবার (০১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাদশা মিয়া কাথারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাইরে তালাবদ্ধ থাকায় তিনি দোকানের ভেতরেই দগ্ধ হন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস দুই ঘন্টা লড়াই করে রাত ২ টায় আগুন নিয়ন্ত্রণে আনে । সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৬ লাখ টাকা অনুমান করেছেন।
ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে নিহতের পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ২০ হাজার টাকা এবং স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী ১০ হাজার টাকার অনুদান দিয়েছেন। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, ‘ গত শুক্রবার গভীর রাত ১২ টায় দোকানদাররা ঘুমিয়ে থাকা অবস্থায় চা দোকান, ফার্ণিচারের দোকান, মুদির দোকান, গ্যারেজসহ ৬টি দোকান পুড়ে গেছে। দোকানের ভিতর থাকা ১জন দোকান কর্মচারী পুড়ে মারা গেছে। আগুনের কারণ জানা যায়নি। উপজেলা প্রশাসন পরিদর্শন করেছেন। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন ও আমার ব্যক্তিগত ফান্ড থেকে ৩০ হাজার টাকার আর্থিক সাহার্য্য করা হয়েছে। কাথরিয়া ইউনিয়ন পরিষদের সচিব পঙ্কজ দত্ত ক্ষতিগ্রস্থদের তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছেন।’
বাঁশখালী ফায়ার স্টেশন লিডার লিটন বৈষ্ণব জানান, শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কাথারিয়ার ৬টি সেমিপাকা দোকান পুড়ে যায়। এসময় একটি তালাবদ্ধ দোকান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘ ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। নিহত ব্যক্তিকে প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, ‘ অপমৃত্যু মামলা শেষে নিহত ব্যক্তিকে পারিবারিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।’








